একাত্তর ডেস্ক ::
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের টিকাদানের মাধ্যমে সিলেট জেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত হয়।
তিনি জানান, জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় অভিভাবকদের সচেতন করতে হবে। টিকা গ্রহণের পর সামান্য জ্বর বা পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক-এ বিষয়ে কুসংস্কার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
তিনি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিটি ইউনিয়নে টিকাদান কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের নির্দেশনা দেন।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এবং জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















