Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের ‘জাম্বুরা’ বিদেশের বাজারে

                       
                   

সিলেট অঞ্চলের ‘জাম্বুরা’ এখন আর শুধু স্থানীয় ফলের বাজারে সীমাবদ্ধ নেই। একসময় যে ফল বিক্রি করতে কৃষকদের হিমশিম খেতে হতো, সেই বাতাবিলেবু এখন দেশের বিভিন্ন শহরের বাজারে জায়গা করে নিয়েছে। স্বাদ, আকার ও বৈশিষ্ট্যের কারণে বাড়ছে ক্রেতাদের আগ্রহ। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সরবরাহ হচ্ছে মৌলভীবাজারের জুড়ীসহ বিভিন্ন এলাকার জাম্বুরা। স্থানীয় কৃষি ও ব্যবসা খাতে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় এবার বিদেশের বাজারেও এ ফল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
উপজেলার বিভিন্ন পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে জন্মাচ্ছে এই ফল। স্থানীয়দের কাছে এটি ‘মাতু জামির’ নামেও পরিচিত। টক, মিষ্টি ও সামান্য তিতা স্বাদের সমন্বয়ে তৈরি হয়েছে জুড়ীর জাম্বুরার আলাদা পরিচিতি। অনেক কৃষক অন্যান্য ফসলের পাশাপাশি জাম্বুরার গাছ লাগিয়ে বাড়তি অর্থ উপার্জন করছেন। আবার কিছু পরিবারের জন্য এ ফল বিক্রিই হয়ে উঠেছে আয়ের অন্যতম উৎস।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে রয়েছে প্রায় ১০ হাজার জাম্বুরাগাছ। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২০০ মেট্রিক টন।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত জাম্বুরা ধরে। অনুকূল পরিবেশ ও ভালো পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে ফলটি এখন লাভজনক কৃষিপণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া যায়। তবে আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময়কে ফল পরিপক্ব হওয়ার প্রধান সময় হিসেবে উল্লেখ করেছেন কৃষকেরা।
কালামাটিতে প্রতিদিন জমছে বেচাকেনা
জুড়ী উপজেলার লাঠিটিলা সড়কের কালামাটি ত্রিমুখী পয়েন্ট এখন জাম্বুরা কেনাবেচার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মৌসুমে বিভিন্ন এলাকার বাগান থেকে সংগ্রহ করা ফল ছোট পিকআপভ্যানে করে এখানে নিয়ে আসেন ব্যবসায়ীরা। পরে আকার ও মান অনুযায়ী আলাদা করে বস্তায় ভরা হয়। সেখান থেকে বড় ট্রাকে করে পাঠানো হয় দেশের বিভিন্ন পাইকারি বাজারে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারে যাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ জাম্বুরা।
স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, তাঁরা মৌসুম শুরুর আগেই বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে চুক্তি করেন। এরপর নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে গাছ থেকে ফল সংগ্রহ করে বাজারজাত করেন। বাছাই ও বস্তাবন্দী করার পর ট্রাকে করে ঢাকায় পাঠানো হয় এসব ফল। যাত্রাবাড়ী বাজারে আড়তদারেরা বস্তা হিসেবে পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মান অনুযায়ী প্রতি বস্তার দাম পড়ে এক হাজার থেকে দুই হাজার টাকা।
তাঁদের ভাষ্য, আগে জুড়ীর জাম্বুরার প্রধান বাজার ছিল সিলেট বিভাগের বিভিন্ন এলাকা। এখন দেশের বড় শহরগুলোতে ক্রেতা তৈরি হওয়ায় ব্যবসার পরিধি বেড়েছে। প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক ট্রাক জাম্বুরা দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে।
ঢাকার যাত্রাবাড়ীর ফল ব্যবসায়ী মারুফ আহমদ বলেন, জুড়ীর জাম্বুরা তাঁদের বাজারে বেশ জনপ্রিয়। ক্রেতারা এই ফলের স্বাদ পছন্দ করেন। ফলে বাজারে আসার পর বেশি সময় অপেক্ষা করতে হয় না, দ্রুত বিক্রি হয়ে যায়।
দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, গত দুই বছর ধরে তাঁরা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ ফল বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাঁদের। তাঁর মতে, সঠিকভাবে বাজার সম্প্রসারণ করা গেলে জুড়ীর জাম্বুরা দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ - লিড নিউজ