
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির সিটিএসবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল-১, সিয়েরা-৩, সিয়েরা-৪ ও রোমিও-৪ দলের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় মিছিলকারীদের ১২ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- জকিগঞ্জের হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), একই উপজেলার মৌলভীর চক গ্রামের মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), জকিগঞ্জের হাতিডহর গ্রামের মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), কানাইঘাটের বীরদল গ্রামের তানিম ইকবাল (১৯), একই উপজেলার বীরবল গ্রামের সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বড় হইকান্দি গ্রামের ফাহিম হাসান রনি (১৮), একই উপজেলার গোপশহর গ্রামের জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি গ্রামের জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল গ্রামের এসএম নাদিম (২০)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




















