
সিলেটের বিয়ানীবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কপার কয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ কেজি কপার কয়েল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কাকুড়া এলাকায় জমশেদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই হোসাইন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি কপার কয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা কয়েলের ওজন আনুমানিক ৬০ কেজি।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫/৩৬/৪৩ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-৯, তারিখ ১১ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার দুই আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।




















