
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট ও হবিগঞ্জের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।
মৃত শিশুদের মধ্যে চার মাস ১৭ দিন বয়সী মাইশা সিলেট সদর উপজেলার শুক্কুর আলীর মেয়ে। ১১ মাস বয়সী আরফিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আনসার উদ্দিনের মেয়ে। তারা দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অন্যদিকে, নয় মাস বয়সী ওমর হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আজিজের ছেলে। সে হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হন ১৬৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



















