একাত্তর ডেস্ক : :
দেশকে স্বনির্ভর করে গড়ে তোলাই বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার লক্ষীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নদী ও খাল খননের পাশাপাশি মৎস্য, পশুপালন এবং কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তার শুরু করা অনেক উন্নয়ন কর্মকাণ্ড এখনও প্রাসঙ্গিক। এসব অসমাপ্ত কাজ ভবিষ্যতে তারেক রহমান সম্পন্ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব নীতিতে কাজ করছে। বিশেষ করে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে।
এছাড়া, ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ সারাদেশে বিতরণ এবং পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। জনকল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
AD/একাত্তরের কথা




















