
সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সিটি আদর্শ ফাউন্ডেশন। শনিবার সকাল ১০টায় সিলেটের নোয়াপাড়ায় সিটি মডেল স্কুলের ক্যাম্পাস-২-এ ‘সিটি মেধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মুকিত জাহাঙ্গীর।
সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাশ, সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, ফাউন্ডেশনের সহসভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী ও সিনিয়র সদস্য লিংকন তালুকদার। এ ছাড়া নাজমা আক্তার আঁখিসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজনও নিজেদের অনুভূতি তুলে ধরে।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্য ধরে রেখে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজন শিক্ষার্থীদের অর্জনে সন্তোষ প্রকাশ করে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ। সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে সিটি মডেল স্কাউট গ্রুপ। এ ছাড়া ফাউন্ডেশনের সদস্য জিদান, অপু, প্রিয়া, সীমান্ত, পৃতেশ, জিহাদ, মহিমা ও সাবিহাসহ অন্যরা দায়িত্ব পালন করেন।



















