Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নিজেদের নির্দোষ দাবি করেছেন আরিফ, গৌছ ও বাবর

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় সোমবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। তারা মামলাটিকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে মামলা থেকে অব্যাহতিরও দাবি জানান।

মামলার আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, ৩৪২ ধারায় আসামি পরীক্ষা শেষে তারা স্বশরীরে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন। এসময় তারা নিজেদের নির্দোষ দাবিও পুনর্ব্যক্ত করেন।

আসামিদের মধ্যে সংসদের হুইপ জি কে গৌছ আদালতে বলেন, “এই মামলার কারণে ২৬ মাস ধরে নির্যাতনের শিকার হয়েছি। কেবল বিএনপি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাকে এই মামলায় আসামি করা হয়েছে। আমি মামলার বাদির শাস্তি দাবি করছি।”

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন জানান, আসামি পরীক্ষা শেষে আদালত আগামী ২১ এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে, সকাল ১২টার দিকে আরিফুল হক চৌধুরীসহ অন্য আসামিরা আদালত চত্বরে হাজির হন। তাদের সঙ্গে বিপুল সংখ্যক আইনজীবী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুনানির সময় আদালতের নিরাপত্তা জোরদার করা হয়।

শুনানিতে সিলেট জেলা পিপি আশিক উদ্দিন ও মহানগর পিপি বদরুল আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইবাজারে সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনের সমাবেশে গ্রেনেড হামলার দুটি মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ