
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়ায় কুতুব উদ্দিন (৩১) নামে ওই ব্যক্তিকে আটক করা যায়নি। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত কুটুমনির ছেলে।
বুধবার বিকেল আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে একটি দল কুতুব উদ্দিনের বাড়ি ঘেরাও করে। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যান।
পরে ঘরে তল্লাশি চালিয়ে বিছানার বালিশের নিচে পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো পাওয়া যায়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
অধিদপ্তরের সিলেট কার্যালয়ের উপপরিদর্শক মো. মামুনার রশীদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা করেছেন। তাঁর বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
অভিযানে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের এএসআই মো. আতাউল হক ও নোটন কুমার দাস, সিপাই ফখরুল আলম, এহসানুল হক অভি, মোহন মিয়া এবং হাসান ইমন আল রাফি উপস্থিত ছিলেন।




















