একাত্তর ডেস্ক ::
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরে আসা যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে দোতলায় ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ সোমবার সকাল ৮টা ৫৪ মিনিটে অবতরণ করে। এ ফ্লাইটের ২২২ জন যাত্রীর ইমিগ্রেশন ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। সার্ভার চালু হলে এসব তথ্য পরে ইনপুট দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বেবিচকের (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সার্ভার রুম পরিদর্শন করেছেন। ইমিগ্রেশন পুলিশের ডিআইজিওও ঘটনাস্থলে এসেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে দোতলায় ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সার্ভার রুমের তারগুলো অগোছালোভাবে প্যাঁচানো ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে সার্ভার রুমটি পুড়ে যায়।
তবে বিমানবন্দরের সব ফ্লাইট অবতরণের পর আগুন লাগায় ফ্লাইট শিডিউলে কোনো বিঘ্ন ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।




















