একাত্তর ডেস্ক ::
বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। ঈদের পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ঈদের পর থেকেই কার্যক্রম শুরু হবে।
শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন। এমনকি বোনাস পরিশোধও নিশ্চিত করা হয়েছে।
তিনি দাবি করেন, সরকারের সদিচ্ছা ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি, যা দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময় প্রবাসীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে।
প্রবাসীদের বিষয়ে সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এসব চক্র শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের পরিবারকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে। আগামী মাস থেকেই বিদেশগামী শ্রমিকদের জন্য ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
দালালচক্রের বিষয়ে তিনি বলেন, অনেকেই দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, সিলেটের শাহী ঈদগাহ ময়দান-এ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রস্তুতি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















