একাত্তর ডেস্ক : :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার দেওয়া এই বার্তায় তিনি দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী এবং স্বাধীনতার জন্য আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা দিবস আমাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন—যা অর্জনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
AD/একাত্তরের কথা




















