স্টাফ রিপোর্ট
আগামী ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬’ উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়-এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। তিনি বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি শ্রমিকদের কল্যাণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকদের নামে সংগৃহীত অর্থ যথাযথভাবে তাদের কল্যাণে ব্যয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য প্রতি বছর সেরা শ্রমিকদের পুরস্কৃত করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমেদ হেলাল, সিলেট জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আবেদ হাসান চৌধুরী তারেকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















