একাত্তর ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের ধাক্কায় সিলেটের এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে কুইন্সের জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাত জান্নাত (১৯) নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে। তার বাবা হেলাল উদ্দিন নিউইয়র্কের উডসাইড এলাকায় অবস্থিত বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।
নিউইয়র্ক পুলিশ জানায়, রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী একটি ময়লার ট্রাক ৬২ স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিশাত জান্নাত চার বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। তিনি ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোন এবং বড় বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন।
নিহতের বড় বোন নওশিন বলেন, নিশাত খুব আশাবাদী ছিল। সবাইকে সবসময় ইতিবাচক থাকতে বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে উৎসাহ দিত।
বাবা হেলাল উদ্দিন জানান, সুন্দর ভবিষ্যতের আশায় আট বছর আগে তারা নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল নিশাত।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।
পুলিশ জানিয়েছে, ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাত পাওয়ায় চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।
এদিকে ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, কুইন্সে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং নিহতের পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।




















