Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দৈনিক একাত্তরের কথায় সংবাদ প্রকাশের পর পাসপোর্ট পেলেন দৃষ্টি প্রতিবন্ধী মুন্নি, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আশা

                       
                   

সিলেটের গোলাপগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী আফসানা আক্তার মুন্নি অবশেষে পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা ও নানা ভোগান্তির বিষয়টি দৈনিক একাত্তরের কথায় প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে তিনি পাসপোর্ট হাতে পেয়েছেন। এতে ভারতের করিমগঞ্জে অনুষ্ঠিতব্য বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণের পথ কিছুটা সুগম হয়েছে।
প্রতিবন্ধকতা কখনো স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না- এই বিশ্বাসকে ধারণ করে এগিয়ে চলেছেন মুন্নি। সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ১২ নভেম্বর ভারতের করিমগঞ্জে বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬। এ সম্মেলনে বিশ্বের প্রায় ৯টি দেশ থেকে ২৫০ জন অংশগ্রহণ করার কথা রয়েছে।
সম্মেলনে সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর পারফরম্যান্স করার কথা রয়েছে। তাঁদের মধ্যে সমীরঞ্জন বিশ্বাস ও রাবেয়া জান্নাত তালুকদার ইতোমধ্যে ভারতীয় ভিসা পেয়েছেন। তবে পাসপোর্ট না পাওয়ায় অনিশ্চয়তায় ছিলেন আফসানা আক্তার মুন্নি।
জানা যায়, গত ৬ অক্টোবর সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন মুন্নি। আবেদনের সময় তাঁর সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র থাকা সত্ত্বেও পাসপোর্ট অফিস থেকে মেডিকেল প্রত্যয়নপত্র চাওয়া হয়। এ নিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে দীর্ঘদিন নানা ভোগান্তির মুখে পড়তে হয়।
মুন্নির বাবা আশিদ আলী জানান, মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মেডিকেল প্রত্যয়নপত্র ছাড়া আবেদন গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করেন তাঁরা। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যতা নিশ্চিত করার পর পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়।
গত ২৯ অক্টোবর পাসপোর্ট উত্তোলনের তারিখ নির্ধারিত থাকলেও মেডিকেল সনদসংক্রান্ত জটিলতায় সেদিন পাসপোর্ট পাননি মুন্নি। পরে কয়েক দিনের চেষ্টায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল সনদ সংগ্রহ করে গত ৩ নভেম্বর পাসপোর্ট অফিসে জমা দেন তাঁর পরিবার।
এ নিয়ে দৈনিক একাত্তরের কথায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অবশেষে মুন্নির হাতে পাসপোর্ট পৌঁছেছে। দীর্ঘদিনের ভোগান্তি শেষে পাসপোর্ট পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক দৃষ্টি প্রতিবন্ধী মো. বায়জিদ খান বলেন, “মুন্নির পাসপোর্ট পাওয়া আমাদের জন্য স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। সংবাদ প্রকাশের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অবশেষে সে পাসপোর্ট পেয়েছে। এখন আমাদের প্রত্যাশা, দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে সে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পারবে।”
তিনি আরও বলেন, “মুন্নির মতো একজন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, সে সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনুক।”
তবে পাসপোর্ট হাতে পেলেও এখনো ভিসা প্রক্রিয়া ও ভারতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে মুন্নিকে। আগামী ১২ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় হাতে সময় খুবই কম। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পাওয়া ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে পারলেই তাঁর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
দীর্ঘ ভোগান্তির পর পাসপোর্ট পাওয়ার এই ঘটনা আবারও প্রমাণ করে, গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরা হলে তা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ এবং সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এখন মুন্নির প্রত্যাশা, পাসপোর্ট পাওয়ার পর ভিসা জটিলতাও কাটিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

সর্বশেষ - লিড নিউজ