Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব মাছ ধরায় অংশ নিলেন শত শত মানুষ

                       
                   

গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মেতে উঠেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কয়েকটি গ্রামের মানুষ। মঙ্গলবার সকালে পৌর এলাকার ভবের বাজারসংলগ্ন লুদরপুর খালে মাছ ধরার এ আয়োজনে অংশ নেন শত শত মানুষ।

সকাল ১০টার দিকে খালের দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। কারও হাতে পলো, কারও হাতে জাল কিংবা মাচড়া। পরে সারিবদ্ধভাবে খালের পানিতে নেমে মাছ ধরায় অংশ নেন তরুণ থেকে প্রবীণরা। তাঁদের মাছ ধরা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানি নেমে নদী-নালা, খাল-বিল ও হাওরের পানি কমতে শুরু করলে গ্রামবাসী দেশীয় মাছ ধরতে এ উৎসবের আয়োজন করেন। দীর্ঘদিনের এ রীতিতে মাছ শিকারের পাশাপাশি তৈরি হয় সামাজিক মিলনমেলা।
উৎসবে অংশ নেওয়া আবু তাহের বলেন, পলো বাওয়া গ্রামবাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাব ও জলাশয় শুকিয়ে যাওয়ায় ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে তরুণদের সম্পৃক্ত করে এমন আয়োজন অব্যাহত রাখলে এ সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব।
দিনভর উৎসবে শোল, বোয়াল, টাকি ও গজারসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ে। মাছ শিকারকে ঘিরে খালপাড়ে মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন বলেন, লুদরপুর খালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটি আনন্দমুখর একটি আয়োজন।

সর্বশেষ - লিড নিউজ