
সিলেট নগরীর তেমুখী পয়েন্ট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মীর নাম আওলাদ আহম্মেদ (২৩)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ির আব্দুল জলিল ও হোসনেয়ারা বেগমের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জালালপুর এলাকার আলমদীরগ্রাম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টা ৫ মিনিটের দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তেমুখী পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় জালালাবাদ থানায় করা একটি মামলার তদন্তে আওলাদকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















