একাত্তর ডেস্ক : :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেল সোয়া ৫টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘গণভোট মানতে হবে’, ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। অংশগ্রহণকারীদের হাতে এসব দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
ঢাকা মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এ টি এম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন এবং সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহী। তারা অবিলম্বে সংবিধান সংস্কারের মাধ্যমে এই রায় কার্যকর করার দাবি জানান।
এর আগে গত ২ এপ্রিল রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। সেই ঘোষণার ধারাবাহিকতায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো।
AD/একাত্তরের কথা




















