Ekattorer Kotha
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

একদিনে ৩৬ শিশু হাসপাতালে, মোট ভর্তি ১১০

সিলেটে বাড়ছে হামের উপসর্গ

                       

এপ্রিল ১৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এ রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে।

রোববার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

ল্যাব সুবিধার সীমাবদ্ধতার কারণে উপসর্গ নিয়ে আসা অধিকাংশ রোগীকেই প্রাথমিকভাবে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর অবস্থার রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৬ শিশুর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছে।

রোববার সকাল পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন করে রোগী ভর্তি রয়েছে। পাশাপাশি মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এ রোগের বিস্তার রোধে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ