Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগোবে বাংলাদেশ: হুমায়ুন কবির

                       
                   

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং মানুষের কল্যাণে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ এগিয়ে যাবে।
শুক্রবার বাদ জুমা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটে আয়োজিত দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করে সিলেট জেলা বিএনপি।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করছেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারেক রহমান দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবিলায় দেশের মানুষ ও সরকার উভয়ই প্রস্তুত। দেশের বিরুদ্ধে অপতৎপরতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। তবে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, আগের রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের বাধা উপেক্ষা করে বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে। সাহস থাকলে সন্ত্রাসীরা সামনে এসে কথা বলুক। রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। রাজনৈতিকভাবেই এসব অপতৎপরতার মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। গত দুই দিন ধরে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও বিশৃঙ্খলাকারীদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে বিএনপির ভদ্র আচরণকে দুর্বলতা ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ