
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ঋণের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ১৯ জন।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে ওই অর্থ নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক দেখিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে চলতি হিসাব খোলা হয়। পরের বছরের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।
ঋণের বিপরীতে জমা দেওয়া মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্যের মধ্যে অসংগতি পায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটিও ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণ অনুমোদন করা হয়।
ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের হিসাবে পাঠানো হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে যাঁদের নাম দেখানো হয়েছিল, তাঁরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
গত বছরের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। এতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়।
প্রথমে মামলায় আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে ৫ জানুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।
গত ১১ মার্চ ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ৫ এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। রায়ে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়।



















