
সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ব্যাগে ছিল মুঠোফোন, স্বাক্ষর করা চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের বিপরীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত ব্যাগটি ফেলে যান এক ব্যক্তি। পরে ব্যাগে থাকা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান তিনি। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ব্যক্তি।
জিডির সূত্র ধরে ব্যাগ উদ্ধারে কাজ শুরু করেন কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী। তিনি ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট অটোরিকশাটি শনাক্ত করেন।
পরে জালালাবাদ থানা এলাকার অটোরিকশাচালক জুনেদ আহমদের (২২) সঙ্গে যোগাযোগ করে ব্যাগটির সন্ধান পাওয়া যায়।




















