একাত্তর ডেস্ক : :
দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। গত মার্চ মাসে সারাদেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু রয়েছে।
একই সময়ে নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৭ জনের, আহত হয়েছেন ২২৪ জন।
রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে—২০৪ জন। এছাড়া তিন চাকার যানবাহনে ৯৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাসে ৪৬ জন এবং বাসে ৪৫ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে (২৩১টি) এবং মুখোমুখি সংঘর্ষে (১৬৬টি)। পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনাও উল্লেখযোগ্য।
স্থানভেদে দুর্ঘটনার হিসাবে জাতীয় মহাসড়কে ১৭১টি, আঞ্চলিক সড়কে ২৬৪টি এবং শহরের সড়কে ৬২টি দুর্ঘটনা ঘটেছে। বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৭ জন নিহত হয়েছেন, আর সবচেয়ে কম সিলেটে ২৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রায় ১১ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, যানবাহনের ত্রুটি, সড়কের দুর্বল অবস্থা এবং চালকদের অসচেতনতা—এই দুর্ঘটনাগুলোর প্রধান কারণ।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো এবং চালকদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
AD/একাত্তরের কথা



















