Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নেই সংযোগ সড়ক পাঁচ বছরেও চালু হয়নি সেতু

                       
                   

চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতু আছে, কিন্তু দুই পাশে নেই ওঠানামার সংযোগ সড়ক। ফলে সেতু পার হতে হচ্ছে স্টিলের মই ও পাটাতন বেয়ে। এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর আলীপুর-টেংরাটিলা এলাকার বাসিন্দাদের। নির্মাণ শুরুর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুটি চলাচলের উপযোগী না হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী, বয়স্ক মানুষসহ অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নদীর ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কাজ শুরু হয়। চলতি বছরের আগস্টের শেষ দিকে মূল কাঠামোসহ অন্যান্য নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক এখনো তৈরি হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় স্বাভাবিকভাবে ওঠানামার সুযোগ নেই। প্রায় ২০ ফুট উঁচুতে থাকা সেতুতে উঠতে স্টিলের মই ও পাটাতনের সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু, শিক্ষার্থী, অসুস্থ ও বয়স্ক মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয় এবং আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথ এটি। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ছাড়াও অন্তত ১০ গ্রামের মানুষ হাটবাজার, উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াতে সেতুটি ব্যবহার করেন।
আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, সেতুটি মানুষের উপকারে আসার বদলে দুর্ভোগ বাড়িয়েছে। মই বেয়ে ওপরে উঠে পাটাতনের সাহায্যে নিচে নামতে হয়। আলীপুর বাজারের ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, সেতুতে ওঠানামা করা অত্যন্ত কষ্টকর। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা মই বেয়ে উঠতে ভয় পান। বাজারের মালামাল পারাপারেও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারের অবহেলায় সংযোগ সড়কের কাজ আটকে আছে বলে অভিযোগ তাঁর।
সিএনজিচালিত অটোরিকশার চালক ফাইজুল মিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে কোনো যানবাহন পারাপার করা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, আগে নদী পারাপারে রশি টানা খেয়ানৌকা ছিল। সেই নৌকায় মালামাল, সাইকেল ও মোটরসাইকেলও পার করা যেত। সেতু নির্মাণের পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন মই ও পাটাতনের ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও খামখেয়ালিপনায় নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ ছিল। সময়মতো কাজ চললে আরও দুই বছর আগেই সেতুটি চালু করা সম্ভব হতো।
তবে ঠিকাদার শংকর বাবু অনিয়ম ও অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সেতুর মূল কাজ শেষ হয়েছে। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে সমন্বয় করে দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে তাঁর মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজনের ৯ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সেতুর পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করা হয়েছে। কিন্তু ঠিকাদার বিল দিতে দেরি করেন। প্রায় পাঁচ মাস পর সম্প্রতি আংশিক বিল পরিশোধ করা হয়েছে। এখন কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা ঠিকাদারের কাছে অগ্রিম দুই লাখ টাকা দাবি করছেন। এ নিয়ে সমঝোতা না হওয়ায় পশ্চিম পাশের কাজ বন্ধ রয়েছে।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডির কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। স্থানীয়ভাবে যাঁদের মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা অর্ধেক কাজ করেছেন। তাঁদের সঙ্গে ঠিকাদারের বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। দ্রুতই মাটি ভরাটের কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

সিলেটে আইনশৃঙ্খলার অবনতি ও সাংবাদিক আক্রান্তের ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্বেগ

জুড়ীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিএনপি নেতা মাছুম রেজার

উইন্ডোজ ১১–এর ত্রুটিতে লক হচ্ছে সি ড্রাইভ, বিপাকে ব্যবহারকারীরা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

সমন্বয়ক হাসিবের ওপর হামলা ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ১২ দিনের বইমেলা শুরু