
দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জুড়ীতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারীদের ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হাজী মাছুম রেজা চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জুড়ী শহর থেকে শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
মিছিল শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান।
সভাপতির বক্তব্যে মাছুম রেজা বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি। আমরা শান্তিপ্রিয় জুড়ীবাসী, জুড়ীতে শান্তি চাই। কেউ অশান্তি সৃষ্টি করবেন না। আমাদের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ নেই। আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। তবে কেউ সন্ত্রাস ও নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘জুড়ীর কোনো এলাকায় কেউ মিছিল কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করলে, দলমত নির্বিশেষে সংশ্লিষ্টদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। কেউ যদি এমন ব্যক্তিদের ধরে দিতে পারেন, তাহলে তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’
মাছুম রেজা বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলায় সাংগঠনিক কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আগামী দিনগুলোতেও দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালনের কথাও জানান।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাবেক সহসভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা মোস্তাক খান, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামছু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, উপজেলা জাসাসের আহ্বায়ক মোতাহার হোসেন কামরুল, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মখদ্দস আলী, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম কেদই, উপজেলা জাসাসের সভাপতি লিটন আহমদ, জামাল হোসেন, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, পূর্ব জুড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান।
বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




















