
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক দুজন ভারতের খাসিয়া সম্প্রদায়ের নাগরিক। তাঁরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
পরে সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামের স্থানে পৌঁছালে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















