
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি আওয়ামী লীগেরই কাজ। এ ঘটনার প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হলেও বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। নুসরাত বলেন, ‘হামলার ধরন ও বিস্ফোরণের পরিস্থিতি দেখে এটি পেট্রল বোমার আঘাত বলেই মনে হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলতে চাই না।’
তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। এরপরও একাধিকবার হুমকিমূলক ফোন আসে। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল।
নুসরাতের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। ঘটনার পরও আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের বিভিন্ন পোস্টে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে নিজের ধারণা তুলে ধরে নুসরাত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এটি আওয়ামী লীগেরই কাজ। তবে পুলিশ তাদের দায়িত্ব অনুযায়ী তদন্ত করবে।’ তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকবো। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।
বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যও নাকচ করেন তিনি। তার ভাষ্য, বাড়িটিতে পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। তারা বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছিলেন। এ ছাড়া সেখানে তার গবাদিপশুর খামার ও আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল।
নিজের শৈশব ও পারিবারিক স্মৃতিবিজড়িত বাড়িটির ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে নুসরাত বলেন, আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গেছে। কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং একটি শিশু আহত হয়েছে। তার দাবি, আগুনে ওই পরিবারের একটি শিশুও আহত হয়েছে।



















