Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি: কাইয়ুম

                       
                   

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার ফলে সব ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছেন। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাওয়া বড় প্রাপ্তি।
মঙ্গলবার সিলেট নগরীর ইসকন যুগলটিলা মন্দিরে অন্নকূট মহোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে এত বড় আয়োজন দেখে তিনি আনন্দিত। সিলেট সিটি করপোরেশন থেকে অন্য মন্দির ও উপাসনালয়ের মতো ইসকন মন্দিরকেও সহযোগিতা করা হবে। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
আয়োজকদের হিসাবে, এবারের মহোৎসবে প্রায় ১৫ থেকে ২০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। দিনব্যাপী আয়োজনে মাটির পাত্রে সাজিয়ে প্রদর্শন করা হয় ১ হাজার ২০০ পদের বেশি নিরামিষ খাবার। অন্ন দিয়ে তৈরি করা হয় গিরিরাজ গোবর্ধনের প্রতিকৃতি। কীর্তন, ভোগদর্শন ও গিরিরাজ গোবর্ধন পরিক্রমায় অংশ নেন ভক্তরা। শেষে উপস্থিত সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিবমন্দিরেও প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে তাঁরা সব সময় সহযোগিতা পেয়ে আসছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। আয়োজন সফল করতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতাও জানান।
আয়োজকেরা জানান, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মরণে এ উৎসব পালন করা হয়। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই লীলার স্মরণে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে গিরিরাজ গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয়।
উৎসব উপলক্ষে আগের রাত থেকেই মন্দিরে একাধিক চুলায় খাবার তৈরির কাজ শুরু হয়। ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তুত করা হয় ১ হাজার ২০০ পদের বেশি নিরামিষ খাবার। মাটির পাত্রে সাজানো এসব খাবারের মধ্যে ছিল ছানার রসা, কাশ্মীরি, কাঁচকলা, কাঁঠালের ইচড়, কলার মোচা, জয় পনির, ফুলকপি, বাঁধাকপি, মিশ্র সবজি, আলুর দম, ডাল, পোলাও, মিষ্টি ও পিঠাসহ নানা পদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী। কীর্তন, ভোগদর্শন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহোৎসব শেষ হয়।

সর্বশেষ - লিড নিউজ