
অতীতে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে, তার ক্ষতি কাটিয়ে উঠতে আট বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ওয়ান টাইম এক্সিট সুবিধা নেওয়ার আহŸান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের সম্মেলন কক্ষে ব্যাংক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় গভর্নর ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রæত পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দেন। বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাÐে গতি ফেরাতে এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সাধারণ সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের চাপের মুখে পড়তে হচ্ছে। এ চাপ কমাতে এবং থমকে যাওয়া শিল্প খাত সচল করতে প্যাকেজের আওতায় ৪ থেকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।
তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার এ প্যাকেজের মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে জোগান দেওয়া হবে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা বন্ধ শিল্প পুনর্গঠনে, ১০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লী অর্থনীতিতে এবং এক হাজার কোটি টাকা বেকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বরাদ্দ রাখা হয়েছে।
তরুণদের জন্য ‘উদ্যোগ’ প্রকল্পের কথা তুলে ধরে গভর্নর বলেন, চলতি নভেম্বর থেকে প্রকল্পটি চালু হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট পাঁচ হাজার তরুণকে বাছাই করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি।
কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর বলেন, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকরা প্রচলিত জমির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে ঋণ নিতে পারবেন।
ঋণ বিতরণ ও পরিশোধের বিষয়ে সতর্ক করে মোস্তাকুর রহমান বলেন, প্রকৃত ও যোগ্য উদ্যোক্তাদের ঋণ নিশ্চিত করতে হবে। চলতি বছরের মধ্যে সুযোগ পাওয়ার পরও যারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করবেন না, আগামী বছর থেকে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্যাকেজটি যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া করপোরেট ঋণ কমিয়ে খুচরা, এসএমই ও কৃষিঋণ বিতরণ বাড়াতে ব্যাংকারদের প্রতি আহŸান জানান গভর্নর। নগদ লেনদেনের পরিবর্তে বিনা খরচে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং চালুর জন্যও সবাইকে উৎসাহিত করেন তিনি।
সভায় সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও ঋণপ্রাপ্তির জটিলতা তুলে ধরেন অংশীজনেরা। এসব সমস্যা সমাধানে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন তাপাদার।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা ও আব্দুস সালাম মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, ব্যবসায়ী সাবেত নাঈম চৌধুরী, সানজিদা খাতুন, হিজকিল গুলজার, ফালাহ উদ্দিন আলী আহমদ, আলিমুল এহসান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল হাকিম ও অধ্যাপক ড. শহিদুল হক এবং নারী উদ্যোক্তা অনিতা দাশ গুপ্তা।
সভায় সিলেটের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, চেম্বার নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















