স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত অপরাধ চক্রের নেতা জামাল ওরফে ‘টাইগার জামাল’ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার র্যাবের গণমাধ্যম শাখা জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার্কিট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জামাল কোতোয়ালী থানাধীন মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আরও অন্তত নয়টি মামলায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।




















