একাত্তর ডেস্ক ::
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি বিয়ানীবাজারকে শুধু একটি ভৌগোলিক সীমানা নয়, বরং মেধা ও মননের উর্বর ভূমি হিসেবে অভিহিত করেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণ নয়, প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। বিয়ানীবাজারের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা সমাধান এবং গ্রামীণ অবকাঠামোকে আধুনিকায়ন করতে আমরা বিশেষ অগ্রাধিকার দিচ্ছি। সরকারের বরাদ্দকৃত প্রতিটি টাকা যাতে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়, তা আমি নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় যে অনন্য নজির স্থাপন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাই বিয়ানীবাজারের সন্তান—এই পরিচয়ই সবচেয়ে বড় শক্তি।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত শামীম সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিয়ানীবাজারের মানুষের সঙ্গে তার নাড়ির টান রয়েছে। জেলা পরিষদ প্রশাসক হিসেবে তিনি পুরো জেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং সমিতির সদস্যদের ঐক্যবদ্ধভাবে সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও এডভোকেট জুবায়ের আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শামস্ উদ্দিন আহমদ খাঁন, তোফায়েল আহমদ খান, মুসলেহ উদ্দিন খান, ফয়েজ উদ্দিন লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ, মো. ছাদ উদ্দিন, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার সম্পাদক সাদেক আহমদ আজাদ, প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, আইন সম্পাদক এডভোকেট মোধ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আজমল হোসেন চৌধুরী ওয়েস, স্বাস্থ্য সম্পাদক মোস্তাক আহমদ খান সাজু, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিয়ানীবাজারের বিশিষ্টজন, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আবুল কাহের চৌধুরী শামীমের রাজনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন এবং তার সফলতা কামনা করেন।
শেষ পর্যায়ে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



















