ডেস্ক রিপোর্ট : :
জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশের জন্য সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।
রোববার পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী কাজ দেখে তিনি অভিভূত হয়েছেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যুগের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। তিনি শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ও প্রজেক্ট পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী এবং সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী।
বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, আধুনিক বিশ্বের চাহিদা পূরণে দক্ষ বিজ্ঞানী, প্রকৌশলী ও চিকিৎসক গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহজালাল জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
AD/একাত্তরের কথা




















