স্পোর্টস ডেস্ক : :
টিমের একাই ৯ উইকেট! আন্তর্জাতিক নারী টি–টুয়েন্টিতে একাই এমন কীর্তি গড়ে ইতিহাস লিখেছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি–টুয়েন্টির ইতিহাসে নারী বা পুরুষ—যেকোনো—ক্যাটাগরিতেই প্রথম ৯ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
এই ম্যাচে লেসোথো ব্যাট করতে নেমে কারদোসোর তোপে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয়। তিনি ৩ ওভারে নেন ৯ উইকেট, খরচ হয় মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারে শুরু করেন হ্যাটট্রিক এবং চতুর্থ ওভারে আরও ৪ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেন। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট যোগ করে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। শেষ উইকেটটি পেলেও, লেসোথোর মারিয়ান আর্তুর তুলে নিলে কারদোসোর ১০ উইকেটের সুযোগ মেলেনি।
এই ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বিশাল স্কোর গড়ে ব্রাজিল। তাড়া করতে নেমে লেসোথোর ইনিংস একাই ধ্বংস করে দেন কারদোসো, ফলে ব্রাজিল ১৮৯ রানে জয় পায়।
নারী টি–টুয়েন্টিতে এর আগে সেরা রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া-র, যিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন কোনো রান না দিয়ে। আর সব মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নামে, ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৮ উইকেট নেন মাত্র ৭ রানে।
কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে ব্রাজিল ছাড়াও অংশ নিচ্ছে বতসোওনা, লেসোথো, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।
AD/একাত্তরের কথা




















