Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

                       
                   

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল আদালতে দেওয়া আবেদনে জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) যাচাই করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার ধরন ও বর্তমান অবস্থা আবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অর্থায়ন, অংশগ্রহণ এবং কর্মীদের নিয়োজিত করার বিষয়ে নাহিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা। সেসব তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে পরে রিমান্ড চাওয়া হতে পারে বলেও আবেদনে উল্লেখ রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। ২০০ থেকে ৩০০ জনের একটি দল আন্দোলনকারীদের ধাওয়া করে মারধর ও গুলি চালায়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়।

সর্বশেষ - লিড নিউজ