
সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ঘোড়াসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার ভোররাতে বালিয়াঘাট, চাঁনপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকায় তিনটি বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পণ্য আনার সময় অভিযান চালিয়ে কয়লা, ঘোড়া, জিরা ও গরুসহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করা হয়। তবে অভিযানকালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















