
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের যোগদানকে কেন্দ্র করে দলিল লেখক সমিতির দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার জেলা রেজিস্ট্রারের কক্ষে দুই পক্ষের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতিতে বিব্রত হয়ে ওই দিনই সিলেট ছেড়ে ঢাকায় প্রশিক্ষণে যান নতুন সাব-রেজিস্ট্রার। মঙ্গলবার দুপুরে জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলামের কার্যালয়ে এ ঘটনা ঘটে। কার্যালয় সূত্র জানায়, দুপুর ১টা ১০ মিনিটে কর্মস্থল পরিদর্শনে আসেন আব্দুল কাদের। তিনি এর আগে ঢাকার মোহাম্মদপুরে কর্মরত ছিলেন। আগামী রোববার তাঁর সিলেটে যোগদানের কথা রয়েছে। যোগদানের আগে অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে কাউকে না জানিয়েই তিনি সেখানে যান।
সদর সাব-রেজিস্ট্রারের কক্ষে না গিয়ে আব্দুল কাদের জেলা রেজিস্ট্রারের কক্ষে পরিচিতিমূলক আলোচনায় বসেন। এ সময় দলিল লেখক সমিতির সাবেক বহিস্কৃত সভাপতি শেখ লোকমান সেখানে গিয়ে কাউকে না জানিয়ে তাঁর আগমনের কারণ জানতে চান। এতে বিরক্ত হয়ে আব্দুল কাদের তাঁকে কথা না বাড়িয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।
পরে লোকমান বিষয়টি সমিতির আহ্বায়ক ফরিদুর রহমানকে জানান। খবর পেয়ে তিনি কয়েকজন সদস্যকে নিয়ে জেলা রেজিস্ট্রারের কক্ষে যান। ফরিদুর রহমান জানতে চান, নতুন সাব-রেজিস্ট্রার কাউকে না জানিয়েই কর্মস্থলে যোগদান করেছেন বলে তাঁকে জানানো হয়েছে। জবাবে আব্দুল কাদের জানান, তিনি যোগদান করেননি; আগামী রোববার যোগদান করবেন। শুধু অফিস পরিদর্শনে এসেছেন।
এরপর শেখ লোকমানকে কক্ষে ডেকে আনা হয়। ভুল তথ্য প্রচার এবং অফিসের দেয়ালে ‘টাউট’ লেখা ব্যানার টাঙানোর বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দলিল লেখক সমিতির সদস্যসচিব মুহিবুর রহমান জিলুর সঙ্গে লোকমানের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। উপস্থিত নেতারা তাঁদের শান্ত করেন। এর মধ্যে বিরক্ত হয়ে কক্ষ ছেড়ে চলে যান আব্দুল কাদের। রাতে তিনি অফিসের কয়েকজন কর্মচারীকে নিয়ে বৈঠক করেছেন বলেও সূত্র জানিয়েছে।
জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সদ্য বিদায়ী সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের সময়ে অফিসে একটি ব্যানার টাঙানো হয়। এতে কয়েকজন দলিল লেখকের ছবি দিয়ে তাঁদের সনদপ্রাপ্ত দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয়। তাঁদের বাইরে অন্য কেউ দলিল লেখক পরিচয় দিলে তাঁকে ‘টাউট’ বলা হয়। ব্যানারটি নিয়ে ক্ষুব্ধ কয়েকজন দলিল লেখক শেখ লোকমানের উপস্থিতিতে সেটি ছিঁড়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করেও সমিতির সদস্যদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার জরুরি সভা হওয়ার কথা রয়েছে।
সমিতির সাবেক সভাপতি শেখ লোকমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সামান্য ভুলবোঝাবুঝি হয়েছে। নতুন স্যারের যোগদান নিয়ে একটু কথা কাটাকাটি হইসে, আর কিছু না।’
সমিতির কেন্দ্রীয় নেতা ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন আহ্বায়ক ফরিদুর রহমান বলেন, ‘ঘটনা সত্য। আমাকে লোকমান বলেছে- নতুন সাব-রেজিস্ট্রার সাব অফিসে যোগদান করেছেন। তখন আমরা যাই, কিন্তু সাব-রেজিস্ট্রার সাব বলেন, তিনি যোগদান করেননি। এটা ভুল তথ্য। এ নিয়ে জিলু ও লোকমানের মধ্যে উত্তেজনা হয়।’
জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার কক্ষেই ঘটেছে। তিনি (নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদের) এসেছেন পরিচিত হতে। তিনি তাঁর কর্মস্থলের খোঁজখবর নিতে আসতেই পারেন। এ নিয়ে তাঁদের দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে একটু হট্টগোল হয়েছে। এ বিষয়ে আমি সমিতিকে বলেছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’




















