একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খরিফ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার অংশ হিসেবে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান খসরু ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান প্রমুখ।
কৃষি কর্মকর্তারা জানান, প্রণোদনার এই উদ্যোগ আউশ ধানের আবাদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।




















