
দেশে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত মাসে একই পরিমাণ সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবার নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করে সংস্থাটি। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন দাম কার্যকর হলেও দেড় মাস ধরে খুচরা বাজারে প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
এদিকে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আট মাসের মধ্যেই সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বারবার দাম বাড়ানো হলেও এর পক্ষে সরকার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি বিক্রি হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলামের দাবি, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়ে গ্রাহকদের সিলিন্ডার কিনতে হচ্ছে।
এলপিজির বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, গুটিকয়েক কোম্পানির কাছে দেশের ১৮ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে। নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।




















