
সিলেট নগরীতে অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৯টি মামলার আসামি রাসেল মিয়া ওরফে পল্টি রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া শাহপরাণ থানার ঠাকুরপাড়া গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, রাসেলের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

















