Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

৮ মাস ধরে ইউএনওহীন মধ্যনগর তিন দায়িত্ব সামলাচ্ছেন এক কর্মকর্তা

# প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি # ভোগান্তিতে চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ # দ্রুত ইউএনও নিয়োগের দাবি

                       
                   

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রায় আট মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য রয়েছে। একই সঙ্গে এখনো সৃষ্টি হয়নি সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ। ফলে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনওকে নিজের দায়িত্বের পাশাপাশি মধ্যনগর উপজেলার ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েছেন উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলিজনিত কারণে মধ্যনগর কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। এর আগে ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। পরে তিনিও বদলি হয়ে চলে যান। বর্তমানে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় নিজের দায়িত্বের পাশাপাশি মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, একজন কর্মকর্তার পক্ষে দুটি উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করা কঠিন। এর প্রভাব পড়ছে মধ্যনগরের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে। বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা, নাগরিক সনদ প্রদান, সরকারি কর্মসূচি তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজে আগের মতো গতি নেই। প্রয়োজনীয় সেবা নিতে উপজেলা পরিষদে এসে অনেককে একাধিকবার খোঁজ নিতে হচ্ছে। কেউ কেউ প্রয়োজনীয় সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।
উপজেলার বাসিন্দা রহমান মিয়া বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে মধ্যনগর অন্যতম দুর্গম এলাকা। উপজেলা ঘোষণার পর স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল, নিজ এলাকাতেই সব ধরনের সরকারি সেবা পাওয়া যাবে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক কর্মকর্তার অভাবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বিভিন্ন কাজে উপজেলা পরিষদে এসে অনেককেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
আরেক বাসিন্দা মফিজ মিয়া বলেন, মধ্যনগরের চার ইউনিয়নের অনেক গ্রামই দুর্গম এলাকায় অবস্থিত। এসব গ্রামের মানুষকে কোনো প্রয়োজনে উপজেলা সদরে আসতে হলে যাওয়া-আসাতেই প্রায় সারাদিন চলে যায়। এরপর ইউএনও না থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা না নিয়েই বাড়ি ফিরতে হয়।
স্থানীয় বাসিন্দা রতন মিয়ার অভিযোগ, অবহেলিত ও দুর্গম এই এলাকাকে উপজেলা ঘোষণা করায় মানুষ আশাবাদী হয়েছিল। কিন্তু এখনো অনেক প্রশাসনিক কাজের জন্য ধর্মপাশা উপজেলায় যেতে হয়। তাঁর মতে, নামেই উপজেলা হয়েছে মধ্যনগর; প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক সুযোগ-সুবিধা এখনো গড়ে ওঠেনি। শুধু প্রশাসনিক কর্মকর্তার সংকট নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাপ্রতিষ্ঠানের ঘাটতি নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের। খলিল মিয়া বলেন, উপজেলা ঘোষণার পরও সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে স্বাস্থ্যসেবা পেতেও স্থানীয় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জসিম মিয়া বলেন, প্রায় আট মাস ধরে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকায় সরকারি কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। নতুন উপজেলা হিসেবে মধ্যনগরের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগ দেওয়া প্রয়োজন।
একই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা হরি বর্মণ, মনিরুল ইসলাম ও আলম মিয়া। তাঁদের মতে, মধ্যনগরে এখনো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও চালু হয়নি। পাশাপাশি ভূমি প্রশাসনসহ বিভিন্ন সরকারি সেবার জন্য অন্য উপজেলার ওপর নির্ভর করতে হচ্ছে। তাই দ্রুত পূর্ণকালীন ইউএনও নিয়োগের পাশাপাশি ভূমি প্রশাসনের কার্যক্রম চালু এবং সব ধরনের সরকারি সেবা উপজেলা থেকেই নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের বিষয়টি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন। সিলেট বিভাগে কর্মকর্তা যোগদান করলেই মধ্যনগরে ইউএনও নিয়োগ দেওয়া হবে বলে বিভাগীয় কমিশনার তাঁদের আশ্বস্ত করেছেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সেখানে ইউএনও পদায়ন করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ জুলাই জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকারের) ১১৭তম সভায় মধ্যনগরকে উপজেলা হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ২০ জুলাই প্রথম ইউএনও পদায়নের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট নয়জন কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাঁদের মধ্যে মাত্র তিনজন মধ্যনগরে পূর্ণকালীন দায়িত্ব পালন করেছেন। অন্য ছয়জন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও অথবা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যনগরের অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত