Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে খতমে নবুওয়ত সম্মেলনে পাঁচ দফা দাবি

                       
                   

সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন বক্তারা। এ দাবিতে জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাস করার জন্য সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আহমদীয়া সম্প্রদায়ের উপাসনালয়, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের দাবিও তোলেন বক্তারা।

শনি ও রোববার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। তিনি সরকারকে আহমদীয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল- এ বিশ্বাস মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাস করার দাবি জানান তিনি।

বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস। এ আকিদা সংরক্ষণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। এ সময় তাঁরা বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ থেকে ২৯৮ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ১৯৭৪ ও ১৯৮৮ সালের ওআইসির প্রতিশ্রুতি এবং ১৯৯৩ সালের হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

সম্মেলনের প্রথম দিন অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী- এটাই মুসলমানদের বিশ্বাস। তিনি মহানবীর জীবনাদর্শ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

আরিফুল হক চৌধুরী বলেন, উলামায়ে কেরামের দাবির প্রতি তাঁরা আন্তরিক। বিগত সরকারের সময়ে কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্মেলনে পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, মুফতি আব্দুল মুনতাকিম ও ড. মাওলানা শুয়াইব আহমদসহ দেশ-বিদেশের আলেম ও অতিথিরা বক্তব্য দেন।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান এবং ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন।

এ ছাড়া সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে পাঁচ দফা দাবি ঘোষণা করেন মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা বাহাউদ্দীন বাহার, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। নাশিদ পরিবেশন করেন আব্দুল করিম দিলদার।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত