স্টাফ রিপোর্ট : :
সিলেট সীমান্তজুড়ে বাংলাদেশ-ভারত দুই পাশেই সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মানব পাচার চক্র। জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত ঘিরে গড়ে ওঠা এই ‘ডবল নেটওয়ার্ক’-এর মাধ্যমে নারী, পুরুষ ও শিশুদের ভারতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি ঈদের ছুটিতে ২২ বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় ফের আলোচনায় এসেছে এই চক্র। ইতোমধ্যে র্যাব ও পুলিশ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
তদন্তে জানা গেছে, ঢাকায় কাজের প্রলোভন দেখিয়ে নারীদের সিলেটে নিয়ে আসা হয়। পরে সীমান্ত পেরিয়ে তাদের ভারতীয় সহযোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনেককে সেখানে বিক্রি করা বা জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তে কড়াকড়ি থাকা সত্ত্বেও পাচারকারীরা সুযোগ পেলেই অনুপ্রবেশ করাচ্ছে। সাম্প্রতিক অভিযানে জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত থেকে নারী-শিশুসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তজুড়ে সমন্বিত নজরদারি জোরদার না করলে এ ধরনের সংগঠিত মানব পাচার প্রতিরোধ করা কঠিন হবে।
AD/একাত্তরের কথা




















