
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় রিপনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির লাকড়ির ঘর থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ পিস ভারতীয় ‘উইশকেয়ার মাল্টি-পেপটাইড অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু’ উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ২৪টি করে শ্যাম্পু ছিল। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী জানান, এ ঘটনায় আটক আব্দুল মতিন রিপন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















