
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরীতে ধারাবাহিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এ ছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, নগরীতে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
তাঁরা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



















