Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রবাসী শফি হত্যার দ্রুত বিচার চান স্বজনরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

                       
                   

যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।
রোববার নগরীর জিন্দাবাজারস্থ ইষ্টিকুটুম রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নিহতের ছোট বোন শাহ আছমা জাহান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা জাহানারা বেগম, বড় ভাই আনসার মিয়া, ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী শাহ সালাহ উদ্দিন মিছবাহ, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ পরিবারের সদস্য, স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
লিখিত বক্তব্যে শাহ আছমা জাহান জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তার বড় ভাই শাহ বুরহান উদ্দিন শফি। ৩০ জানুয়ারি সিলেট নগরীর চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১ জানুয়ারি এ ঘটনায় সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে শফির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় দড়ি প্যাঁচানো ছিল। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি প্রধান আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি তাহিরুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর মামলার অন্যতম আসামি আব্দুল মুহিত মায়েদ গত ৩ নভেম্বর জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
শাহ আছমা জাহান বলেন, প্রায় সাড়ে চার বছর আগে তাদের বাবা মারা যাওয়ার পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। বাবার মতোই তিনি ভাই-বোনদের আগলে রেখেছিলেন। সেই ভাইকে হারিয়ে তাদের মা, ভাবি, সন্তানসহ পরিবারের সবাই গভীর শোকের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, কোনো শাস্তিই তার ভাইকে ফিরিয়ে দিতে পারবে না, মায়ের বুকের শূন্যতাও পূরণ হবে না। তবুও তারা ন্যায়বিচার চান। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস অপরাধ করার সাহস না পায়।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, একজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করেছেন। তাই প্রবাসীদের জীবন ও সংগ্রাম সম্পর্কে তিনি অবগত রয়েছেন বলে তাদের বিশ্বাস। প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশা, তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও তদারকির আহ্বান জানান তিনি।
এ ছাড়া সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমদের প্রতিও পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতার আবেদন জানান তিনি।
লিখিত বক্তব্যে শাহ আছমা জাহান আসামিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শুরু থেকেই হত্যাকাণ্ডের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ এবং দেশ-বিদেশে জনমত তৈরিতে ভূমিকা রাখায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। নিহতের বন্ধু-বান্ধব, স্বজন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার মানুষও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিচার শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত রাখার আহ্বান জানান পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘এ কথা সত্য যে আমার ছেলেকে আর পাব না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি, আমার ছেলে হত্যার ন্যায়বিচার চাই। হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’
নিহতের প্রতিবেশী আরিফ মিয়া আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসামিরা জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এখন দ্রুত বিচার সম্পন্ন করে তাদের শাস্তি নিশ্চিত করা জরুরি। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এ ধরনের হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাবে না।
কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা দীর্ঘসূত্রতা ছাড়াই শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িত প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ