
মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অবদান স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন। তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
দেশের সংকটময় সময়ে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। সেনাসদস্যরা শারীরিক কসরতও প্রদর্শন করেন।




















