Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কুলাউড়া সীমান্তে চোরাচালানে ঝুঁকছে কিশোররা

                       
                   

মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের সীমান্তপথে চোরাচালানের কাজে ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। ঝুঁকিপূর্ণ এসব কাজে জড়িয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারাচ্ছে অনেকে। অথচ চোরাচালানের নেপথ্যে থাকা মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে গত তিন বছরে বিএসএফের গুলিতে অন্তত সাত বাংলাদেশি কিশোর নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র। এ ছাড়া চোরাচালান নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার ঘটনাও ঘটেছে।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা ও মুরইছড়া, পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া ও শিকড়িয়া এবং শরীফপুর ইউনিয়নের লালারচক, চাতলাপুর ও দত্তগ্রাম সীমান্তসংলগ্ন এলাকা। এসব ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম সীমান্তের কাছে হওয়ায় দুর্গম পাহাড়ি পথ ও বনাঞ্চল ব্যবহার করে দীর্ঘদিন ধরে চোরাচালান চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্র।
স্থানীয়দের ভাষ্য, ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারীদের যোগসাজশে সীমান্ত দিয়ে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, গরু, নাসিরুদ্দিন বিড়িসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা হয়। এসব কাজে স্থানীয় কিশোরদের অর্থের প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সীমান্তপথে যাতায়াত করতে গিয়ে বিএসএফের গুলির মুখে পড়ছে তারা।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২ অক্টোবর শরীফপুরের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যায় কিশোর ফেরদৌস আহমদ (১৪)। ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশার শিকড়িয়া সীমান্তে গুলিতে নিহত হয় পারভেজ হোসেন সাদ্দাম (১৫)।
২০২৫ সালের ৩১ মে শরীফপুরের দত্তগ্রাম সীমান্তে নিহত হন প্রদীপ বৈদ্য (২০)। একই বছরের ৪ ডিসেম্বর কর্মধা সীমান্তে কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারান সুকিরাম উড়াং (২৫)। ২০২৬ সালের ১২ জুন দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিবুর রহমান মুজিব (২৮)। সর্বশেষ ৮ আগস্ট পৃথিমপাশা সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় গুলিতে নিহত হন তারা মিয়া (১৮)।
সীমান্তে প্রাণহানির পাশাপাশি চোরাচালান ঘিরে অভ্যন্তরীণ বিরোধেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১ মার্চ শরীফপুরের নিশ্চিন্তপুর গ্রামে চোরাচালানসংক্রান্ত বিরোধের জেরে জাবেল মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় তাঁর বাবা রহমত আলী ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ও বনাঞ্চলকে কাজে লাগিয়ে চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িত ব্যক্তিদের আটক করছে। তবে জামিনে মুক্ত হয়ে অনেকে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে চোরাচালান চক্রের মূল হোতারা আড়ালেই থেকে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিজিবি ও পুলিশের কিছু সোর্স চোরাচালান চক্রের গডফাদারদের কাছ থেকে মাসোহারা নিয়ে তাঁদের সুরক্ষা দিচ্ছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সীমান্তে চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানে জড়িতদের আটক করছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপরাধ কমাতে সবাইকে সচেতন হতে হবে।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম অগ্রাধিকার। অর্থের প্রলোভনে তরুণরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে চোরাচালানে জড়াচ্ছে। সীমান্তে প্রাণহানি ঠেকাতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তে হত্যা বা নির্যাতনের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনতেও চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন চান রাষ্ট্রপতি

হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন উত্তেজনা

আপিলে ভরাডুবি, দুই ম্যাচ নিষেধাজ্ঞা বহাল ফখর জামানের

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

জৈন্তাপুরে ট্রাকচাপায় চা বাগান কর্মকর্তার মৃত্যু

সিলেট বিমানবন্দর থেকে আজ হজ্জ ফ্লাইট উদ্বোধন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চারুবাকের ৩০ বছর পূর্তি উদযাপন