
সিলেট মহানগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ যানবাহন মালিক ও চালকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তবে ফেরত পাওয়া এসব যানবাহন মহানগর এলাকায় চালানো কিংবা বিক্রি করা যাবে না। এ শর্তে নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে যানবাহন ফেরত নিতে পারবেন সংশ্লিষ্ট মালিক ও চালকেরা।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন—রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।
এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। সেখানে তাঁদের অনুরোধ ও মানবিক দিক বিবেচনায় গত ১ মে থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের দিন পর্যন্ত আটক যানবাহনগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে যানবাহন ফেরত পেতে মালিক ও চালকদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্ত অনুযায়ী, আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
এ ছাড়া আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফেরত পাওয়া যানবাহন সিলেট মহানগর এলাকায় বিক্রি করা হবে না মর্মে আরেকটি অঙ্গীকারনামা জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনকারীদের ট্রাফিক বিভাগ, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট মহানগর এলাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক বা টমটম পুনরায় চলাচল করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, অটোরিকশা থেকে হারিয়ে যাওয়া ব্যাগসহ একটি স্যামসাং মুঠোফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা সব মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।




















