Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নতুন আরেকটি পৌরসভা পেল সিলেট

                       
                   

সিলেট জেলায় নতুন পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্তের ফলে জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় বগুড়ার মোকামতলা পৌরসভা গঠনসহ প্রশাসনিক কাঠামোয় আরও কয়েকটি পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

জৈন্তাপুরকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয় আগেই। গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উপজেলার নির্ধারিত কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাগুলো শহর এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা রয়েছে। অন্যদিকে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর উদ্যোগ ও ভূমিকার কথাও উল্লেখ করছেন স্থানীয়রা। তাঁদের মতে, পৌরসভা গঠনের সিদ্ধান্ত জৈন্তাপুরের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

পৌরসভা প্রতিষ্ঠার ফলে এলাকায় নাগরিক সেবার মান বাড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তাঁদের প্রত্যাশা।

উল্লেখ্য, জৈন্তাপুর যুক্ত হওয়ার আগে সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। সেগুলো হলো—কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। নতুন পৌরসভা যুক্ত হওয়ায় সিলেট জেলায় পৌরসভার সংখ্যা এখন ছয়টি।

সর্বশেষ - লিড নিউজ