
সিলেটে বেড়েছে ধরপাকড়। গোয়াইনঘাটের রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সিলেটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার হয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলায় চলছে পুলিশের ধারাবাহিক অভিযান। একের পর এক গ্রেপ্তারের ঘটনায় গোয়াইনঘাটজুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। অন্যদিকে সিলেট মহানগরীতেও চলছে বিশেষ অভিযান। দুই এলাকায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
রনজিত সরকারের গোপন সভার পর সিলেটে যেন ধরপাকড়ের নতুন অধ্যায় শুরু হয়েছে। গোয়াইনঘাটের রাতারগুল থেকে সিলেট মহানগরী-বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত ওই রাজনৈতিক সভাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, গত ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৫ দিনে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে দুই পৃথক অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
পুলিশের এই ধারাবাহিক অভিযানে গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। মামলার আসামিদের পাশাপাশি তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া ব্যক্তিদেরও শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভার আয়োজন করা হয় বলে পুলিশের অভিযোগ। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। একপর্যায়ে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে দলীয় ব্যানারে বক্তব্য দেন।
পরদিন ৯ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলা নম্বর ১১/৩৫০। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৭৫ জনকে। সব মিলিয়ে মামলার আসামি ১৯৫ জন।
মামলার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। প্রথমদিকে রিসোর্ট থেকে দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য ও বিভিন্ন সময়ে প্রকাশিত তালিকা অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তারের হিসাব পাওয়া যাচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল।
এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে ফয়জুল করিম, আশিক সরকার ও আলিম উদ্দিনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তালিকায় ইয়াছিন মুন্সি, মো. মদরিছ আলী সিকদার, মকলিছুর রহমান ও মো. শাহীন মাহমুদের নাম রয়েছে। অন্য একটি তালিকায় এজাহারনামীয় আসামি বিমান চক্রবর্তী ও সন্দেহভাজন আসামি আজাদগীর আহম্মেদ ওরফে সাম্পানের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়লের নির্দেশনায় পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করছে। এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। এদিকে ঘটনার পর রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ। রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। পরে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
গোয়াইনঘাটের পাশাপাশি সিলেট মহানগরীতেও বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৫ দিনে মহানগর এলাকায় বিশেষ অভিযানে ‘ডেভিল’ হিসেবে চিহ্নিত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক গ্রেপ্তারের ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পুলিশের অভিযান।
সিলেট মহানগর পুলিশের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, সিলেট মহানগর পুলিশ সবসময়ই অভিযান চালাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে গত দেড় মাসে মহানগর এলাকায় বিশেষ অভিযানে ‘ডেভিল’ হিসেবে চিহ্নিত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক অভিযানের বিষয়ে বলেন, ‘আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করছি। এখন কিছু বলতেছি না, বলার সময় হলে বলব।’
রনজিত সরকারের গোপন সভার ভিডিও প্রকাশের পর সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রলীগের সভাপতির বাসায়ও হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্টের মালিক সোহেল আহমদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।




















